অক্টোবর নয়, আগস্টেই নিয়োগ চান ১৪ হাজার শিক্ষক

প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক ১ অক্টোবরের বদলে চলতি আগস্টের মধ্যেই পদায়নের দাবিতে শাহবাগে আন্দোলন করছেন।
চলতি আগস্ট মাসের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। সরকারের ঘোষিত সময়সূচি না মেনে অবিলম্বে নিয়োগের দাবিতে তাঁরা এই আন্দোলন করছেন।
রোববার বেলা ১১টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। আন্দোলনকারী প্রার্থীরা জানান, অক্টোবরের জন্য অপেক্ষা না করে চলতি আগস্টের ভেতরেই তাঁদের পদায়ন নিশ্চিত করতে হবে।
এর আগে 'সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫'-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দিতে বলেছিল সরকার। কিন্তু এই সিদ্ধান্ত মেনে না নিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকেরা।