অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিখ্যাত সল্ট লেক স্টেডিয়ামে মাঠে নামবেন ভিনিসিয়ুস-রাফিনিয়ারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ পর্ব শেষ করে দলটির পরবর্তী গন্তব্য হবে ভারত। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় ভূখণ্ডে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কলকাতার এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ভারতে ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে উল্লেখ করে সিবিএফের বার্তায় বলা হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা গভীর ভালোবাসায় ব্রাজিলিয়ান ফুটবলের পথচলা অনুসরণ করে আসছে, তাদের সঙ্গে এটি এক বিশেষ সাক্ষাৎ হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তার শেষে লেখা রয়েছে, 'দেখা হচ্ছে কলকাতায়।'