জাতীয়

অধ্যাপক যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

১৩ আগস্ট ২০২৬
অধ্যাপক যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা
শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান, আবৃত্তি ও আলোচনার মাধ্যমে স্মরণসভা করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ (একাংশ)।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত এই প্রাবন্ধিকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদীচীর কেন্দ্রীয় সংসদের নেতারা। এরপর তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগীত বিভাগের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানে গান ও আবৃত্তির পাশাপাশি তাঁর স্মৃতিচারণা করা হয়।

উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে অধ্যাপক যতীন সরকারের জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক। এ ছাড়া আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং কেন্দ্রীয় সদস্য নিবাস দে ও বিমল মজুমদার।

যতীন সরকারউদীচীস্মরণসভামৃত্যুবার্ষিকী