অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সুযোগে জনগণের ওপর চড়াও হচ্ছে বিএনপি: হাসনাত কাইয়ূম

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম অভিযোগ করেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের গুরুতর ব্যর্থতা এবং অদূরদর্শিতার সুযোগ কাজে লাগিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের ওপর নতুন করে চড়াও হচ্ছে। তিনি মনে করেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন হাসনাত কাইয়ূম। তিনি এই দাবি করেন যে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘অভ্যুত্থান-পরবর্তী করণীয় বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিকট রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনা ও আজকের বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।