অপরাধ

অপহরণের এক মাস পর উদ্ধার দুই শিশু, সন্তানদের ফিরে পেলেন বাবা

১২ আগস্ট ২০২৬
অপহরণের এক মাস পর উদ্ধার দুই শিশু, সন্তানদের ফিরে পেলেন বাবা
কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত দুই শিক্ষার্থীকে এক মাস পর কোনো মুক্তিপণ ছাড়াই কক্সবাজার শহর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজারের উখিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে অপহৃত দুই শিশুকে এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত নয়টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের দুই ছেলে শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) গত ১০ জুলাই সকালে নিখোঁজ হয়েছিল।

দীর্ঘদিন পর সন্তানদের ফিরে পেয়ে উখিয়া থানায় আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা শাহ আলম। তিনি জানান, ১০ জুলাই সকালে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফিরে আসেনি। পরে জানা যায় তাদের অপহরণ করা হয়েছে। এক মাস ধরে অপহরণকারীরা কখনো মুক্তিপণ দাবি করছিল, আবার কখনো সন্তানদের মেরে ফেলার হুমকি দিচ্ছিল। সন্তানদের আর জীবিত ফেরত পাবেন না বলেই ধরে নিয়েছিলেন তিনি।

পুলিশ ও তদন্ত সূত্রে জানা যায়, অপহরণের পর চক্রটি পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। জিম্মিকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন স্থানে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কলাতলীতে শিশু দুটির অবস্থান চিহ্নিত করে উদ্ধার করা হয়।

উখিয়া থানার কর্মকর্তা আতিকুর রহমান ও তদন্তকারী কর্মকর্তা আবদুল আজাদ জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় এবং পুলিশের জোরালো নজরদারির মুখে অপহরণকারীরা ভয় পেয়ে শিশুদের ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত চক্রটিকে চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অপহরণউদ্ধারকক্সবাজারউখিয়াপুলিশ