অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে যাবে শিক্ষকদের: প্রধানমন্ত্রী
অবসর গ্রহণের পর পাওনা টাকা আদায়ে শিক্ষকদের আর দপ্তরে দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, কোনো ধরণের মধ্যস্বত্বভোগী বা ভোগান্তি ছাড়াই প্রাপ্য অর্থ সরাসরি অনলাইনে শিক্ষকদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ-সুবিধার অর্থ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ এই আয়োজনের মাধ্যমে ২০২২ সালের পর থেকে দীর্ঘ চার বছর অপেক্ষায় থাকা ৭০,১১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁদের জমানো ফান্ডের একটি অংশ ফেরত পেলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট' এবং 'অবসর সুবিধা বোর্ড'-এর জমানো ফান্ড থেকে এই অর্থ সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের জীবনযাত্রায় দীর্ঘদিনের চলমান অনিশ্চয়তার কিছুটা হলেও অবসান ঘটলো।