অর্থনৈতিক সাংবাদিক কিসমত খন্দকারের মৃত্যু

অর্থনীতি ও ব্যবসাবিষয়ক সাংবাদিক কিসমত খন্দকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অর্থনীতি ও ব্যবসাবিষয়ক সাংবাদিক কিসমত খন্দকার (খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত) মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর আফতাবনগরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
পরিবারের সদস্যরা জানান, রাতেই তাঁর মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
কিসমত খন্দকার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাংবাদিকতা করেছেন। তিনি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে ইআরএফ ও ডিআরইউর শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।