অ্যামাজনের অর্ডার ইমেইলে আর থাকবে না পণ্যের নাম, শুধু ক্যাটাগরি

এই গ্রীষ্মের শুরুতে অ্যামাজনের গ্রাহকরা লক্ষ্য করেন, তাদের অনলাইন অর্ডারের নিশ্চিতকরণ ইমেইলগুলোতে আর পণ্যের নির্দিষ্ট নাম উল্লেখ করা হচ্ছে না। এর বদলে শুধুমাত্র পণ্যের ক্যাটাগরি দেখানো হচ্ছে। যেমন, ‘আপনার বিউটি আইটেম নিশ্চিত!’ বা ‘১টি হার্ডওয়্যার আইটেম অর্ডার করা হয়েছে’—এই ধরনের অস্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে।
জুলাই মাস থেকে এই অভিযোগগুলো বেড়েছে। জুন মাসে দেওয়া অর্ডারগুলোতে পণ্যের ছবি ও নাম থাকলেও, সাম্প্রতিক ইমেইলগুলোতে তা নেই। গ্রাহকরা অভিযোগ করছেন, বিস্তারিত তথ্যের অভাবে ক্রয়কৃত জিনিসপত্রের হিসাব রাখা কঠিন হচ্ছে এবং এই ইমেইলগুলো স্প্যাম বা ফিশিংয়ের মতো মনে হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, এআই এজেন্টগুলোর উত্থানের প্রেক্ষিতে অ্যামাজন এই পদক্ষেপ নিয়েছে। গুগলসহ অন্যান্য কোম্পানি ইমেইল থেকে তথ্য সংগ্রহ করে এআই-চালিত শপিং সেবা দিচ্ছে। অ্যামাজন চায় গ্রাহকরা যেন তাদের ওয়েবসাইট বা অ্যাপ ছাড়া অন্য কোথাও না যায়।
অ্যামাজনের মুখপাত্র ম্যাক্সিন টাগে জানান, গ্রাহকরা এখন বেশি করে ফোনে এবং অ্যাপের ‘আপনার অর্ডার’ পেজে তথ্য দেখেন। তাই ইমেইল সরলীকরণ করা হয়েছে যাতে তারা সর্বশেষ তথ্যের জন্য অ্যামাজনের প্ল্যাটফর্মে আসেন। এতে গ্রাহকদের গোপনীয়তাও বজায় থাকবে বলে দাবি করা হয়েছে।