অপরাধ

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

৮ আগস্ট ২০২৬
আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি ফালান শেখকে গাজীপুর থেকে পুনরায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি ফালান শেখকে (২৫) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট থানা থেকে ওই আসামিকে ময়মনসিংহের আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে নাগলা বাজার এলাকায় পৌঁছালে তিনি সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। গ্রেপ্তার ফালান শেখ হালুয়াঘাট উপজেলার নাসুল্লা গ্রামের সাবজাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনার পর পুলিশি অভিযান চালিয়ে শুক্রবার রাতে গাজীপুর থেকে ফালান শেখকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে শনিবার তাঁকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

হালুয়াঘাটগ্রেপ্তারআসামি সটকানপুলিশময়মনসিংহ