আদিবাসী দিবসে রাঙামাটিতে ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভের ব্যতিক্রমী ফটোশুট

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পাহাড় ও কাপ্তাই হ্রদের স্বাভাবিক রূপকে কেন্দ্র করে এক ভিন্নধর্মী ফটোশুট করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘টুয়েলভ’। গত ৯ আগস্ট রাঙামাটিতে স্থানীয় আদিবাসী তরুণ-তরুণীদের মডেলে রেখে এই ফটোশুট অনুষ্ঠিত হয়। আর্টিফিশিয়াল সেটের কৃত্রিমতা বাদ দিয়ে পাহাড়ি প্রকৃতিকে ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করে সমকালীন ফ্যাশন তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় আলোকচিত্রী আরিয়ান এন্ডারসনের ফ্রেমে কাপ্তাই হ্রদের জল ও সবুজ পাহাড়ের বৈচিত্র্যময় পরিবেশে সমকালীন পোশাকের এই উপস্থিতি ফুটিয়ে তোলা হয়। বাংলাদেশের বহু জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় বয়নশৈলী ও সংস্কৃতি ফ্যাশনের ক্ষেত্রে এক বড় অনুপ্রেরণা। একই সঙ্গে নিজেদের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন তরুণ প্রজন্মের নতুন জীবনযাত্রাকে নির্দেশ করে।
টুয়েলভের হেড অব ডিজাইন মাসিয়াদ জাহান জানান, বর্তমানে তাঁদের আউটলেটের নিয়মিত পোশাক নিয়ে পাহাড়ে শুট করা হলেও ভবিষ্যতে আদিবাসী কারুশিল্প ও বুননশৈলী থেকে নতুন পোশাক তৈরির ইচ্ছা রয়েছে। স্থানীয় কারিগরদের মর্যাদা ও ঐতিহ্যের প্রতি সম্মান বজায় রেখে এই সংস্কৃতিকে জাতীয় ও বৈশ্বিক অঙ্গনে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।