অর্থনীতি

আমানতের উৎসে কর কোষাগারে জমার সময়সীমা নির্ধারণ করল ব্যাংক

১০ আগস্ট ২০২৬
আমানতের উৎসে কর কোষাগারে জমার সময়সীমা নির্ধারণ করল ব্যাংক
আমানতের সুদে কাটা উৎসে কর নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা না দেওয়ায় তফসিলি ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গ্রাহকদের আমানতের সুদ বা মুনাফার ওপর কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর অবহেলা ও অনিয়মের কারণে কেন্দ্রীয় ব্যাংক কড়া সতর্কবার্তা দিয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি) এ বিষয়ে নির্দেশনামূলক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন ব্যাংক কর্তনকৃত কর নির্দিষ্ট সময়ে জমা না দেওয়ায় সরকারি রাজস্ব আহরণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং কর সমন্বয় ও নিরীক্ষায় জটিলতা দেখা দিচ্ছে। সরকারি রাজস্ব অপচয় রোধ ও ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী গ্রাহকের ধরনভেদে প্রযোজ্য হারে উৎসে কর কাটতে হবে। তবে রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর না জমা দিলে স্বাভাবিক হারের চেয়ে ৫০ শতাংশ বেশি কর কাটতে হবে। ব্যাংকগুলোকে এই অর্থ নিজেদের হিসাবে জমিয়ে রাখা থেকে বিরত থাকতে এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর ধারা ৮ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে বলা হয়েছে।

কোষাগারে টাকা জমার জন্য মাসভিত্তিক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জুলাই থেকে মে মাসের মধ্যে কেটে রাখা কর সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী ২ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। জুন মাসের ১ থেকে ২০ তারিখের কর পরবর্তী ৭ দিনের মধ্যে এবং ২১ থেকে ৩০ তারিখের কর পরবর্তী দিনই জমা বাধ্যতামূলক। এই নির্দেশনা মেনে না চললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকউৎসে করতফসিলি ব্যাংকসরকারি কোষাগারনির্দেশনা