আরজি কর কাণ্ড: ওডিশা থেকে গ্রেপ্তার সাবেক তৃণমূল বিধায়ক
আরজি কর হাসপাতালের নারী চিকিৎসকের মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে ওডিশা থেকে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার নারী চিকিৎসকের মরদেহ তাড়াহুড়ো করে দাহ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ। বৃহস্পতিবার ওডিশা থেকে তাকে আটক করে পুলিশ। পানিহাটি কেন্দ্রের সাবেক এই জনপ্রতিনিধির বিরুদ্ধে ষড়যন্ত্র ও আলামত নষ্টের অভিযোগে নতুন মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, ওডিশায় গ্রেপ্তারের পর নির্মল ঘোষকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে তাকে বারাকপুর মহকুমা আদালতে হাজির করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ওই চিকিৎসকের নির্মম পরিণতি ঘটে। ঘটনার পরপরই পানিহাটি শ্মশানে তড়িঘড়ি তার শেষকৃত্য সম্পন্ন করা হয়, যা নিয়ে শুরু থেকেই নানান প্রশ্নের সৃষ্টি হয়েছিল।