অপরাধ

আসামি গ্রেপ্তারে অবহেলা: উলিপুর থানার ওসিকে সশরীরে তলব

১৩ আগস্ট ২০২৬
আসামি গ্রেপ্তারে অবহেলা: উলিপুর থানার ওসিকে সশরীরে তলব
সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগে কুড়িগ্রামের উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিককে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারে অবহেলা ও আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজমুল হক এই আদেশ দেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি সূত্রে জানা যায়, এনআই অ্যাক্টের একটি মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি জাহিদ হাসান নামে এক পুলিশ কনস্টেবলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা তামিলের দায়িত্ব দেওয়া হয় উলিপুর থানার ওসিকে। তবে অভিযুক্ত ব্যক্তি পুলিশে কর্মরত থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি ওসি।

এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, তিনি আদালতের আদেশের কপি এখনো হাতে পাননি। লিখিত কপি পেলে তার জবাব দেওয়া হবে। পরোয়ানা তামিল না করার বিষয়ে তিনি দাবি করেন, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এক কনস্টেবলকে ধরে এনে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে লালমনিরহাটে কর্মরত কাউকে গ্রেপ্তার করা তাঁর পক্ষে সম্ভব নয়।

উলিপুর থানাআদালতের তলবকুড়িগ্রামগ্রেপ্তারি পরোয়ানাওসি