আন্তর্জাতিক

ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির

১১ আগস্ট ২০২৬
ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, জাপোরিজিয়ায় চালানো সাম্প্রতিক হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। জেলেনস্কি জানান, ইতিহাসে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার শক্তিবৃদ্ধি ছাড়া রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে না।

একই সাথে রাশিয়ার ভেতরেও গভীর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেন সীমান্ত থেকে ১,১০০ কিলোমিটারের বেশি দূরে তাতারস্তানের একটি তেল শোধনাগারে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন উজবেকিস্তানের নাগরিক। এ ছাড়া ভোরোনেজ অঞ্চলে রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদাম এবং পশ্চিম সাইবেরিয়ার একটি পেট্রোকেমিক্যাল কারখানাতেও সফল হামলা চালিয়েছে ইউক্রেন।

অন্যদিকে, ইউক্রেন জুড়েও রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রাশিয়া রাতভর অন্তত ১২০টি ড্রোন ও বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিয়েভ, খেরসন, খারকিভ ও সুমি অঞ্চলে এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধভলোদিমির জেলেনস্কিউত্তর কোরিয়াজাপোরিজিয়াআন্তর্জাতিক সংবাদ