ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে গ্রিসে ৩ দমকলকর্মীর মৃত্যু

ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়া তীব্র দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গ্রিসের ক্রিট দ্বীপ এবং মূল ভূখণ্ডে আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া তীব্র বাতাসের কারণে ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।
গ্রিসের রিথিম্নো অঞ্চলের ক্রিয়া ভ্রিসি এলাকায় দাবানল নেভানোর সময় আটকা পড়ে ইমানুইল ক্লাতিদাকিস (৫৮) ও প্যানতেলিস দিয়ামান্তাকিস (২৫) নামের দুই দমকলকর্মী মারা যান। মূল ভূখণ্ডের গায়থিও বন্দরের কাছে আরেকজন দমকলকর্মীর মৃত্যু হয়। ক্রিতে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতারাতি প্রায় ৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে তাঁদের কিছু অংশ ফিরে আসার অনুমতি পান।
দাবানল ছড়াচ্ছে স্পেন ও পর্তুগালেও। স্পেনের সামোরা ও লিওন প্রদেশে দাবানলের কারণে ১,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সেখানে আবিলা অঞ্চলের আগুন স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে, যা ৪৩,০০০ হেক্টরের বেশি এলাকা ছাই করে দিয়েছে। ২০২৬ সালে স্পেনে ইতোমধ্যে ২,০০,০০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। পর্তুগালের ভালপাসোস শহরে আগুনে অন্তত ৫ জন আহত হয়েছেন।
ফ্রান্সেও চলতি বছর ৯০,০০০ হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। তবে জিরোন্ড অঞ্চলে বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় বাস্তুচ্যুত ২,২০,০০০ বাসিন্দার মধ্যে প্রায় ৮৪,০০০ জন ঘরে ফেরার সুযোগ পেয়েছেন। এ ছাড়া তুরস্কেও দাবানলের কারণে শত শত ঘরবাড়ি খালি করা হলেও অধিকাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।