ইউরোপে ২৭ বছর পর পূর্ণ সূর্যগ্রহণ ২০২৬ সালের ১২ আগস্ট

২০২৬ সালের ১২ আগস্ট এক বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করবে বিশ্ব। সেদিন ১৫:৩৪ জিএমটি থেকে শুরু হওয়া চাঁদের ছায়া আর্কটিক, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে অগ্রসর হয়ে সূর্যকে ঢেকে দেবে। ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এটিই হতে যাচ্ছে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ বা প্রতি আটজনে একজন এই গ্রহণের কোনো না কোনো অংশ দেখতে পাবেন।
স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের নির্দিষ্ট এলাকায় অবস্থানকারী প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ পূর্ণ সূর্যগ্রহণের পথে থাকবেন। সেখানে সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য সূর্য সম্পূর্ণ ঢেকে যাবে। স্পেনের লিওন, ভায়াদোলিদ, সারাগোসা ও ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো এই পথের মধ্যেই পড়েছে। দেশটির প্রধান শহর মাদ্রিদ ও বার্সেলোনা পূর্ণগ্রাসের অঞ্চলের সামান্য বাইরে থাকলেও সেখানে ৯৯ শতাংশের বেশি সূর্য অদৃশ্য হয়ে যাবে।
ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। প্যারিসে প্রায় ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢেকে যাবে। তবে পূর্ব ইউরোপ ও উত্তর আফ্রিকার অনেক শহরে সর্বোচ্চ গ্রহণের আগেই সূর্য অস্ত যাবে। আলজিয়ার্সে ৯৮ শতাংশ ও কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ গ্রহণ দেখা গেলেও তা শেষ হওয়ার আগেই সূর্যাস্ত ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় গ্রহণের মাত্রা থাকবে অনেক কম, যেমন নিউইয়র্কে মাত্র ১০ শতাংশ ও আলাস্কায় ৩৭ শতাংশ।
মহাকাশ সংস্থা নাসার তথ্য অনুসারে, পৃথিবীতে প্রতিবছর সব মিলিয়ে ২ থেকে ৫টি সূর্যগ্রহণ ঘটে। তবে পূর্ণ সূর্যগ্রহণ বেশ বিরল এবং ১০০ বছরে গড়ে মাত্র ৬৬ বার ঘটে। এই ঘটনার পর পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণটি দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট, যা দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও ইয়েমেনের ওপর দিয়ে অতিক্রম করবে।