ইকবাল ও বিপ্লব সরকারসহ ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশেষ একটি মন্তব্যের জন্য আলোচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে আরও পাঁচজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার প্রজ্ঞাপন জারি করে এই পদক্ষেপের কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট এই কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে। এ ছাড়া কাজী আশরাফুল আজীম ও রাজন কুমার দাসের বিরুদ্ধে আনা ‘অসদাচরণের’ অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে।