জাতীয়

ইজারাদারের কর্মীকে থাপ্পড়-লাঠি মারলেন ইউএনও, ভিডিও ভাইরাল

১২ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড়-লাঠি মারলেন ইউএনও, ভিডিও ভাইরাল
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। জেলা প্রশাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ইউএনওকে ওই ব্যক্তিকে থাপ্পড়ের পর লাঠি দিয়ে পেটাতে দেখা যায়।

ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্টে বুধবার বেলা দুইটার দিকে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী আনসার ও র‍্যাবের সদস্যদের নিয়ে ওই বালু বিক্রির পয়েন্টে যান এবং ইজারার কাগজপত্র দেখতে চান। এ সময় ঠিকাদারের ব্যবস্থাপতি সারোয়ার জাহান অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। ইউএনও নিজের পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলে জানান।

কথাকাটাকার একপর্যায়ে ইউএনও সারোয়ার জাহানকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে লাঠি নিয়ে সারোয়ারকে চারবার আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন। পরে র‍্যাবের গাড়িতে করে সারোয়ারকে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ জানান, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বালুর ঘাটটি ইজারা নেওয়া হয়েছে। কাগজপত্র এনে দেওয়া হবে বলে জানালেও ইউএনও ক্ষিপ্ত হয়ে কর্মীকে মারধর করেন। বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ইউএনওর আচরণ পেশাদারত্বের মধ্যে পড়ে না। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে প্রতিকারের ব্যবস্থা করা হবে।

ত্রিশালইউএনওবালুর ঘাটমারধরময়মনসিংহ