ইতালিতে ছুরিকাঘাতে নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজনের লাশ দেশে ফিরেছে

ইতালির রোমে আততায়ীর ছুরিকাঘাতে প্রাণ হারান নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু আক্তার ও মেয়ে আরোয়া ইসলাম। শুক্রবার তাঁদের মরদেহ কফিনে করে দেশে ফিরেছে।
ভাগ্য বদলের আশায় ইতালিতে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুল (৩৯)। সেখানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার করছিলেন তিনি। কিন্তু ইতালির রাজধানী রোমে আততায়ীর ছুরিকাঘাতে প্রাণ হারান একই পরিবারের তিনজন সদস্য।
আজ শুক্রবার ইতালি থেকে কফিনে করে দেশে ফিরেছে কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু আক্তার (৩৮) ও পাঁচ বছরের মেয়ে আরোয়া ইসলামের মরদেহ। সকাল আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই মরদেহগুলো।
পরে বিকেলে স্বজনেরা মরদেহ নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের বাড়িতে পৌঁছান। তিনটি কফিন বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।