ইমরান খানের কারামুক্তির গোপন আলোচনা, স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাজীবন চলতি সপ্তাহে তিন বছর পূর্ণ হতে চলেছে। ২০২৩ সালে দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে আছেন।
ব্রিটিশ দৈনিক দ্য অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর কর্তাব্যক্তি ও ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্ররা ইঙ্গিত দিয়েছেন যে, তাঁকে কারামুক্ত করার বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা ও দীর্ঘদিনের অস্থিরতা দেশের জন্য ক্ষতিকর হওয়ায় এই সমস্যার সমাধান খুঁজা হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো।
৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি নিয়ে আত্মীয়স্বজন ও সতীর্থদের উদ্বেগ বাড়ছে। চলতি বছরের শুরুতে তাঁর চোখে অস্ত্রোপচার হয়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে তাঁর মৃত্যুর গুজবও ছড়ায়।
ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খান এক যৌথ বিবৃতিতে জানান, সাত মাসের বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে তাঁদের বাবাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এতে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও জানান, ইমরানকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং তাঁকে দ্রুত স্বাস্থ্যগত কারণে মুক্তি দেওয়া উচিত।