ইরানকে সহায়তাকারী দেশকে নজিরবিহীন অর্থনৈতিক শাস্তির হুমকি ট্রাম্পের
ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করতে নতুন করে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানকে সাহায্য করা বা দেশটির সঙ্গে বাণিজ্যে যুক্ত যেকোনো রাষ্ট্রকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। ৬ মাসে গড়ানো ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক চেষ্টা চললেও এখনো সমাধান মেলেনি, যার প্রভাবে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।
নিজ দেশেও রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামনেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, আর এর মধ্যেই যুদ্ধের ব্যয় ও সামরিক বাহিনীর ওপর তৈরি হওয়া চাপ নিয়ে ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা। এই পরিস্থিতির মাঝেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও অবরোধের বার্তা দেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ তাদের আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থার মাধ্যমে ইরানকে সহায়তার পথ তৈরি করবে, তাদের নজিরবিহীন শাস্তির মুখে পড়তে হবে। তবে নির্দিষ্ট কোন দেশের বিরুদ্ধে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই ধরনের আভাস দিয়েছিলেন। তিনি জানান, নৌ অবরোধের পাশাপাশি ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে দ্বিমুখী কৌশল জোরালো করছে ওয়াশিংটন। ইরানের অর্থায়নের পথ বন্ধ করার অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ ইতোমধ্যেই ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ নামের অভিযান চালিয়ে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।