ইরানের যুদ্ধে ৪৫টি 'রিপার' ড্রোন খুইয়েছে মার্কিন বাহিনী

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার নজরদারি ও হামলাকারী ড্রোন হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অজ্ঞাত কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খোয়ানো ড্রোনের সংখ্যা মার্কিন সামরিক বহরের প্রায় ২৫ শতাংশ, যার ফলে করদাতাদের ১.৩ বিলিয়ন রুপিরও বেশি ক্ষতি হতে পারে। তবে সব ড্রোন শত্রুপক্ষের হামলায় ধ্বংস হয়নি, কিছু ড্রোন যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়েছে। যুদ্ধের আগে মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ১৮৫টি রিপার ড্রোন ছিল, যার মধ্যে ১৬৫টি বিমানবাহিনী এবং ২০টি মেরিন কর্পসের অধীনে পরিচালিত হতো।
গত মে মাসে পেন্টাগনের জ্যেষ্ঠ বিমানবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর সিনেটকে জানান, ড্রোনের সংখ্যা কমে বর্তমানে প্রায় ১৩৫টিতে নেমে এসেছে। এই ক্ষতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং কীভাবে দ্রুত বহর ফের সচল করা যায়, তা খতিয়ে দেখার কথা জানান।
২০০৭ সালে যুক্ত হওয়া এই রিপার ড্রোনগুলো পশ্চিম এশিয়া, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য, ২০২৪ সালে ভারত তাদের সশস্ত্র বাহিনীর জন্য ৩১টি এমকিউ-৯ রিপার ড্রোন কেনার চুক্তি করে, যা ২০২৯ সাল থেকে পাওয়া শুরু হবে।