এআই প্রযুক্তি নিয়ে মার্ক জাকারবার্গের নতুন রূপরেখা প্রকাশ

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে ‘দ্য ফিউচার ইজ ফর এভরিওয়ান’ শীর্ষক সাড়ে ৬ হাজারেরও বেশি শব্দের একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশ করেছেন। এতে তিনি মানুষের সঙ্গে এআই-এর সহাবস্থান, এই প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমেরিকার অবস্থান নিয়ে নিজের বিস্তারিত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন।
জাকারবার্গ জানিয়েছেন, মেটার মূল লক্ষ্য হলো কোটি কোটি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসার কাছে ‘ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স’ পৌঁছে দেওয়া। এই সুবিধা নিশ্চিত করতে মুক্ত বা ওপেন সোর্স এআই মডেল বিনামূল্যে কিংবা যথাসম্ভব কম খরচে উন্মুক্ত করার পক্ষে মত দেন তিনি। এআই প্রযুক্তির কারণে বড় পরিসরে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কাও তিনি নাকচ করে দিয়েছেন। পাশাপাশি, ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাব সামলাতে ২০৩০ সালের মধ্যে ব্যবহারের চেয়ে বেশি পানি পুনঃসংগ্রহ এবং স্থানীয় বিদ্যুৎ অবকাঠামো ও কর্মসংস্থানে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে মেটা।
নিবন্ধে মার্কিন প্রযুক্তি খাতের অগ্রগতির ওপর বিশেষ জোর দিয়ে জাকারবার্গ বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় আমেরিকার নেতৃত্ব বজায় রাখতে এআই সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন জরুরি। বিশেষ করে অন্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই মডেল প্রশিক্ষণের ওপর অতিরিক্ত বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানান তিনি। এ ছাড়া সাইবার নিরাপত্তা জোরদারে এআই ডেভেলপারদের উচিত ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ করে মডেল তৈরির শুরুতেই প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য মার্কিন সরকারের পর্যালোচনার জন্য জমা দেওয়া।