এইচপির নতুন গেমিং ল্যাপটপ হাইপারএক্স ওমেন ১৫, দাম বেড়ে ১,২০০ ডলার

জনপ্রিয় বাজেট গেমিং ল্যাপটপ ‘ভিক্টাস ১৫’-এর পর নতুন সংস্করণ ‘হাইপারএক্স ওমেন ১৫’ নিয়ে এসেছে এইচপি। পূর্বসূরি ভিক্টাস ১৫ যেখানে প্রায় ৮০০ ডলারে পাওয়া যেত, সেখানে ওমেন ১৫-এর শুরুর দাম নির্ধারণ করা হয়েছে ১,২০০ ডলার। মেমোরি ও যন্ত্রাংশের বৈশ্বিক মূল্যবৃদ্ধির কারণেই মূলত এর দাম অনেকটাই বেড়েছে।
১,১৯৯ ডলারের এই মডেলটিতে রয়েছে আট কোরের ইন্টেল কোর ৫ ২১০এইচ প্রসেসর, আরটিএক্স ৫০৫০ জিপিইউ, ১৬ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি এসএসডি। এতে ১৯২০ x ১২০০ রেজুলিউশনের ১৬:১০ অ্যাসপেক্ট রেশিওর ৪০০ নিটস উজ্জ্বল ডিসপ্লে এবং ১০৮০পি ওয়েবক্যাম ব্যবহার করা হয়েছে।
১৯২০ x ১২০০ রেজুলিউশনে ল্যাপটপটি গেম খেলার ক্ষেত্রে বেশ কার্যকর পারফরম্যান্স দেয়। ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ কিংবা ‘কন্ট্রোল’-এর মতো গেমগুলোতে ভালো ফ্রেম রেট পাওয়া গেলেও ‘হেলডাইভার্স ২’ বা ‘ব্যাটলফিল্ড ৬’-এর মতো নতুন গেমগুলো মাঝারি বা নিম্ন সেটিংসে ভালো চলে। গেম খেলার সময় ল্যাপটপটির তাপমাত্রা সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও হাত রাখার জায়গাগুলো খুব বেশি গরম হয় না।
প্লাস্টিক বডির তৈরি হওয়ায় ল্যাপটপটি কিছুটা নমনীয়, যার ফলে কোণায় চাপ পড়লে ট্র্যাকপ্যাডে অনিচ্ছাকৃত ক্লিক লেগে যেতে পারে। এছাড়া কিবোর্ডে আলাদা নম্বর প্যাড থাকায় টাইপ করার জায়গা কিছুটা সংকুচিত মনে হয়। তবে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান বাজারে নতুন প্রজন্মের গেমিং হার্ডওয়্যারের জন্য এটি অন্যতম সাশ্রয়ী বিকল্প।