জাতীয়

এনআইডি জটিলতায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী

১২ আগস্ট ২০২৬
এনআইডি জটিলতায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী
জাতীয় পরিচয়পত্র না থাকায় দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে এসডিজি সম্মেলনে উঠে এসেছে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জটিলতার কারণে সরকারের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক এসডিজিবিষয়ক সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। মূলত জন্মনিবন্ধন সনদ না থাকার কারণেই এই সংকট তৈরি হচ্ছে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠানে নিজ নিজ এলাকার সমস্যার কথা জানান বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। মিরপুরের ভ্যানচালক মো. ওয়াসিম ছিন্নমূল মানুষের এনআইডি না থাকার বিষয়টি উল্লেখ করেন। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি রামিসা চৌধুরী ও বরিশালের মান্তা সম্প্রদায়ের প্রতিনিধি সোহানুর রহমানও এনআইডি পেতে দুর্ভোগের কথা জানান। এ সময় সংসদ সদস্য সেলিমা রহমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ এখন ১১০তম স্থানে রয়েছে। হাতে সময় ৫ বছরেরও কম থাকায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানের সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এনআইডি হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রথম ধাপ। তিনি জানান, দেশে দারিদ্র্য বিমোচনের গতি কমে বৈষম্য বেড়েছে এবং প্রতি ৩ জন শিক্ষিত মানুষের মধ্যে ১ জন বেকার। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে, যেখানে যুক্ত ছিল নাগরিক প্ল্যাটফর্ম।

এনআইডিএসডিজিপ্রান্তিক জনগোষ্ঠীদেবপ্রিয় ভট্টাচার্য