রাজনীতি

এনসিপির নির্বাচন করলে বিএনপিতে থাকার অধিকার নেই: সেলিম ভূঁইয়া

৭ আগস্ট ২০২৬
এনসিপির নির্বাচন করলে বিএনপিতে থাকার অধিকার নেই: সেলিম ভূঁইয়া
জাতীয় নাগরিক পার্টির নির্বাচনে অংশ নেওয়া ও বিএনপির পতাকা ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়া।

দলীয় সিদ্ধান্ত না মেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনে অংশ নেওয়া এবং বিএনপির দলীয় পতাকা ব্যবহারকারীদের শক্ত হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি স্পষ্ট জানান, বিএনপি এনসিপিকে সমর্থন দেয়নি। তাই দলের পতাকা ব্যবহার করে যারা এনসিপির হয়ে নির্বাচন বা প্রচার চালাবে, তাদের বিএনপিতে থাকার কোনো অধিকার থাকবে না।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব সতর্কবার্তা দেন। ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির প্রয়াত সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘প্রয়াত আ. আউয়াল খান স্মৃতি সংসদ’ এই সভার আয়োজন করে। বক্তব্যে প্রয়াত নেতার ত্যাগ স্মরণ করে সেলিম ভূঁইয়া বলেন, মহামারীর সময়েও তিনি দলের জন্য কাজ করেছেন, কিন্তু দল তাঁর ত্যাগের পূর্ণ মূল্যায়ন করতে পারেনি।

সংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা অভ্যন্তরীণ কাদা-ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করেন যে, নিজেদের বিভেদের সুযোগ নেবে প্রতিপক্ষ। একই সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে পদ বাগানোর বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি জানান, টাকা দিয়ে পদ নেওয়ার প্রমাণ পেলেই তা বাতিল করা হবে। দল পুনর্গঠনের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেবিদ্বারে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিতুমীর কলেজের সাবেক ভিপি এম এ আউয়াল খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন। মূল আলোচনা পর্বের পূর্বে প্রয়াত নেতার গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপিসেলিম ভূঁইয়াএনসিপিদেবিদ্বাররাজনীতি