এভারগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানের আজীবন কারাদণ্ড, সম্পত্তি জব্দ

চীনের অস্থির রিয়েল এস্টেট বাজারের কেন্দ্রে থাকা এভারগ্র্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শেনজেন ইন্টারমিডিয়েট পিপলস কোর্টের এই রায়ের মাধ্যমে তার ব্যক্তিগত সম্পত্তি সম্পূর্ণ জব্দ করা হয়েছে। এপ্রিল মাসে হুই কা ইয়ান সম্পদ চুরি এবং কর্পোরেট ঘুষসহ বেশ কয়েকটি অভিযোগে নিজেকে দোষী স্বীকার করেছিলেন।
দুর্নীতি ও ঋণ গোপন করার মতো অপরাধের জন্য তার সাবেক কোম্পানিগুলোকে ১৫.৮২ বিলিয়ন ইউয়ান (২.৩৫ বিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। আদালত উল্লেখ করেছে যে, হুই এবং তার ব্যবসা চীনের রিয়েল এস্টেট বাজারে গুরুতর অস্থিরতা সৃষ্টি করেছিল, যার ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে, এভারগ্র্যান্ডের অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে হুইয়ের দুই ছেলেকেও ২২ মাস থেকে ১৮ বছরের মধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এভারগ্র্যান্ড একসময় চীনের বড় রিয়েল এস্টেট ডেভেলপার ছিল এবং এর শেয়ারের মূল্য ৫০ বিলিয়ন ডলারের বেশি ছিল। হুই কা ইয়ান একসময় এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০২০ সালে বেইজিং সরকার ঋণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার পর কোম্পানিটি ঋণের সুদ পরিশোধে কষ্ট পায়। পরবর্তীতে ২০২১ সালে কোম্পানিটি ধ্বসে পড়ে।
আদালতের তদন্তে বেরিয়ে আসে যে, কোম্পানিটি বাড়ি কেনার ইচ্ছুকদের কাছ থেকে প্রি-সেল ফান্ড নিয়েছিল, যা নির্মাণ কাজে ব্যবহার না করে অন্য প্রকল্পে খরচ করা হয়। এর ফলে শত শত প্রকল্প অসমাপ্ত থেকে যায়। এভারগ্র্যান্ডের ধ্বস চীনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যেহেতু রিয়েল এস্টেট খাতটি দেশের জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ তৈরি করত। ২০২৫ সালের আগস্টে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে এভারগ্র্যান্ডের শেয়ার বাতিল করা হয়।