এসএসসি ও সমমান: শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়ে ৩১২টি

২০২৬ সালের এসএসসি ও সমমানের ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছর এ জাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সে হিসাবে এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি।
শূন্য পাসের সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে, যার সংখ্যা ২২৬টি। এ ছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
চলতি বছর সারা দেশ থেকে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।