এসএসসি পাসে গুম হওয়া ছাত্রদল নেতার ছেলেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

২০১৩ সাল থেকে নিখোঁজ সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১০ আগস্ট সোমবার ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি দল পুরান ঢাকার বাংলাবাজারে শিহাবের বাসভবনে যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদমান শিহাবের হাতে মিষ্টি, ফুল এবং গল্পের বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
ওই প্রতিনিধিদলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ এবং উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহসভাপতি ফারজানা রিমিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে সাদা পোশাকধারীরা খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো সন্ধান মেলেনি।