এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন আবেদন পদ্ধতি, ১৫০ টাকা ফি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। এবারের পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনপদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে, যাতে পরবর্তীতে ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিষয় নির্বাচনের পর ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি প্রদান করে আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করা যাবে, তবে নতুন মোবাইল নম্বর দিতে হবে না। ফি পরিশোধের আগে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় পরিবর্তন করা যাবে। তবে ফি জমা দেওয়ার পর বিষয় বাতিল বা ফি ফেরত দেওয়া হবে না।