ওয়েস্ট ব্যাংকে তাণ্ডব: ফিলিস্তিনিদের জোর করে বাড়িছাড়া করল সেনা

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের (ওয়েস্ট ব্যাংক) কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডবের মুখে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি সেনারা। অথচ এর মাত্র এক দিন আগেই ইসরায়েলের এক শীর্ষ সামরিক কমান্ডার ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বসতি স্থাপনকারীদের সহিংস অভিযান বন্ধ করবেন।
গত রবিবার থেকে কুসরা গ্রামের তিনটি বাড়ির প্রবেশপথ আটকে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এমনকি অসুস্থ এক শিশুর জন্য অ্যাম্বুলেন্স পৌঁছাতেও বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার পশ্চিম তীরের ইসরায়েলি সেনা কমান্ডার মেজর জেনারেল আভি ব্লুথ এলাকাটি পরিদর্শন করেন এবং বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু সেনারা বসতি স্থাপনকারীদের সরাতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সকালে উল্টো আটটি ফিলিস্তিনি বাড়ি নিয়ন্ত্রণে নেয় এবং বাসিন্দাদের এলাকা ছাড়তে নির্দেশ দেয়।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই অবরোধকে ইসরায়েলি সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত একটি 'ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এই ঘটনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত 'জাতিগত নিধনের চেষ্টা' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এটি এমন এক মানবতাবিরোধী অপরাধ যা ইসরায়েল সরকারের সক্রিয় সমর্থনে এবং সামরিক বাহিনীর নিষ্ক্রিয়তায় সংঘটিত হচ্ছে।
মানবাধিকার সংস্থা বি’ৎসেলেম-এর তথ্যমতে, গত তিন বছরে ইসরায়েল জোরপূর্বক ৬৪টি ফিলিস্তিনি সম্প্রদায়কে এলাকাছাড়া করেছে এবং বাড়িঘর হারিয়েছে ৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। ২০২০ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরে সেনা ও বেসামরিক ইসরায়েলিদের হাতে ১ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে মাত্র একটি ক্ষেত্রে।