জাতীয়

কক্সবাজারে অনুমতিহীন ৫ স্লিপার বাসকে ১ লাখ টাকা জরিমানা

২০ আগস্ট ২০২৬
কক্সবাজারে অনুমতিহীন ৫ স্লিপার বাসকে ১ লাখ টাকা জরিমানা
কক্সবাজারে অনুমোদন ছাড়া নকশা পরিবর্তন ও ফিটনেস না থাকায় ৫টি স্লিপার বাসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজারে সড়ক পরিবহন আইন অমান্য করে নকশা পরিবর্তন ও ফিটনেস সনদ ছাড়া চলাচল করায় পাঁচটি বিলাসবহুল স্লিপার বাসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম খায়রুল হক। অভিযানে লন্ডন এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস, সেন্টমার্টিন পরিবহন ও ইম্পেরিয়াল এক্সপ্রেসের পাঁচটি বাসের বিরুদ্ধে মামলা দিয়ে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল্লাহ খান জানান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনার আলোকে দেশব্যাপী পদক্ষেপের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোটরযান পরিদর্শক আরও জানান, বিআরটিএর নির্ধারিত কারিগরি মানদণ্ড না মেনে কোনো যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিংবা আসন বিন্যাস পরিবর্তনের কোনো সুযোগ নেই। অথচ নিয়ম ভেঙে অনেকে ঝুঁকিপূর্ণভাবে বাস পরিচালনা করছে, যা ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের পরিপন্থি।

এদিকে একই দিনে কক্সবাজার পৌরসভার হাশেমিয়া কামিল মাদরাসায় সড়ক নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতামূলক সভার আয়োজন করে বিআরটিএ। এতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের নিয়ম ও ট্রাফিক চিহ্ন সম্পর্কে সচেতন করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

কক্সবাজারবিআরটিএস্লিপার বাসভ্রাম্যমাণ আদালতজরিমানা