অপরাধ

কক্সবাজারে দুই মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার

১১ আগস্ট ২০২৬
কক্সবাজারে দুই মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার
কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী শিশুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ মা রোমানা আক্তারকে গ্রেপ্তার করেছে।

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে দুই মাস বয়সী ছেলেসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে পুলিশ তার মা রোমানা আক্তারকে (২৩) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে রামুর রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ার আবদুল মালেকের ছেলে। মালেক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন।

পুলিশ জানায়, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন রোমানা আক্তার। খবর পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় রোমানাকে গ্রেপ্তার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং আগে তাঁর চিকিৎসা হয়েছে। তবে এ বিষয়টি তদন্ত ও চিকিৎসকের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

কক্সবাজাররামুশিশু হত্যাগ্রেপ্তারপুলিশ