কক্সবাজারের হোটেল থেকে হাইওয়ে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির (৪৪) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একা এসে ওই কক্ষে ওঠেন। শুক্রবার বেলা ১১টায় কক্ষ ছাড়ার কথা থাকলেও তিনি বের না হওয়ায় কর্মীদের সন্দেহ হয়। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা কক্সবাজার সদর থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে। স্থানটি থেকে তাঁর জাতীয় পরিচয়পত্র, পুলিশের আইডি, চিকিৎসার চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও ব্যক্তিগত মালামাল জব্দ করা হয়েছে।
মৃত আতাউল কবির পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার উরুবুনিয়া গ্রামের আবদুল খালেক মজুমদারের ছেলে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবছার জানান, আতাউল কবির বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মৃত্যুর আসল কারণ এখনো বলা সম্ভব হচ্ছে না। ঘটনাটি অনুসন্ধান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।