কঙ্গোতে ষষ্ঠ প্রদেশে ছড়াল ইবোলা, মৃত্যু ২ হাজারের বেশি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেশটির ষষ্ঠ প্রদেশে ছড়িয়ে পড়েছে। বাস্-উয়েলে প্রদেশের রাজধানী বুতা শহরে এক ব্যক্তির মৃত্যুর পর নতুন অঞ্চলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি)। মৃত ওই ব্যক্তি হাউট-উয়েলে প্রদেশ থেকে এসেছিলেন।
আফ্রিকা সিডিসির প্রধান জঁ কাসেয়া সতর্ক করে জানান, এই প্রাদুর্ভাব এখনই থামানো না গেলে তা এক বছরের বেশি স্থায়ী হতে পারে এবং বিশ্বের বৃহত্তম প্রাদুর্ভাবে রূপ নিতে পারে। এতে ভাইরাসটি আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সংক্রমণ অনেক দ্রুত গতিতে ছড়াচ্ছে।
কঙ্গোর সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৪,৫৬৬ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যে ২,১২৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই সংক্রমণ নর্থ কিভু, সাউথ কিভু, হাউট-উয়েলে ও শোপো প্রদেশেও শনাক্ত হয়েছে। এবারের প্রাদুর্ভাবের পেছনে দায়ী বিরল ‘বুন্দিবুগিও’ ধরনের ইবোলা ভাইরাস, যার কোনো অনুমোদিত প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা নেই।
ডব্লিউএইচও প্রধান তেদরোস আদহানোম গেব্রেয়াসুস জানান, বর্তমান গতি অব্যাহত থাকলে এটি এক দশক আগের ১১ হাজার প্রাণহানির রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হলেও ফেব্রুয়ারি থেকেই ভাইরাসটি ছড়াচ্ছিল। বর্তমানে আক্রান্ত এলাকায় নতুন দুটি টিকা এবং পরীক্ষামূলক চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।