অপরাধ

কদমতলীতে ভবনের তিনতলা থেকে পড়ে চুরি করতে যাওয়া যুবকের মৃত্যু

১৫ আগস্ট ২০২৬
কদমতলীতে ভবনের তিনতলা থেকে পড়ে চুরি করতে যাওয়া যুবকের মৃত্যু
রাজধানীর কদমতলীতে শনিবার সকালে একটি ভবনের তিনতলা থেকে পড়ে মো. সেলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীর কদমতলীতে চুরি করার উদ্দেশ্যে ভবনে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মো. সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী থানার মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে মুরাদপুরের একটি বাসার সামনের পাকা রাস্তা থেকে সেলিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, ওই এলাকার সাত্তার মিয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে ওপরে ওঠার চেষ্টা করছিলেন সেলিম। কার্নিশ থেকে ছিটকে পড়ে মাথার পেছনে মারাত্মক আঘাত পান তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত হালিম মিয়ার ছেলে। তিনি কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় বসবাস করছিলেন।

কদমতলীমরদেহ উদ্ধারদুর্ঘটনাঢাকা মেডিকেল