কর্মসংস্থান তৈরিতে ভিসার প্রযুক্তি কেন্দ্র স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈশ্বিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠককালে দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে স্টিফেন কার্পিন বাংলাদেশে ভিসার ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে নিজেদের আগ্রহের কথা জানান। তিনি বলেন, যেসব ব্যাংক হিসাবধারী এখনও কার্ড ব্যবহার করেন না, তাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও নিরাপদ ও দ্রুত করতে চায় ভিসা। এছাড়া ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সহজে ও নিরাপদে দেশে আনার বিষয়েও দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।
সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন লেনদেন সহজ করতে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও টোল প্লাজার মতো সরকারি সেবায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও কথা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানিয়েছেন।