জাতীয়

কলকাতায় আগুনে নিহত সাংবাদিকের মেয়ের পড়ার দায়িত্ব নিল স্কুল

২০ আগস্ট ২০২৬
কলকাতায় আগুনে নিহত সাংবাদিকের মেয়ের পড়ার দায়িত্ব নিল স্কুল
কলকাতায় হোটেল ট্র্যাজেডিতে বাবা-মা ও ভাইকে হারানো শিশু মহিমা দত্তের এইচএসসি পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছে এডুকেয়ার স্কুল।

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের সাত বছর বয়সী মেয়ে মহিমা দত্তের এইচএসসি পর্যন্ত সব ধরনের পড়াশোনার খরচ বহনের ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাবা, মা ও ছোট ভাইকে হারিয়ে শিশুটি এখন কুষ্টিয়ায় দাদা-দাদির আশ্রয়ে রয়েছে। মহিমা প্রতিষ্ঠানটির কেজি শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলসহ শিক্ষকরা মহিমার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। চেয়ারম্যান জানান, মহিমা যেন কোনোভাবেই পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেজন্য তার স্কুলের বেতন, পরীক্ষার ফি এবং বই-খাতাসহ যাবতীয় শিক্ষা উপকরণের দায়িত্ব প্রতিষ্ঠানটি বহন করবে। এর আগে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাও শোকাহত পরিবারটির বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। বেঙ্গালুরুতে প্রায় ১৩ দিন চিকিৎসা শেষে কলকাতায় ফিরে দেশে ফেরার কথা ছিল তাদের। তবে তার আগেই কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে আগুন লেগে দেবাশীষ, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনের মৃত্যু হয়।

হোটেলটিতে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সাতজন বাংলাদেশি। অপর বাংলাদেশিরা হলেন ঢাকার সাভারের আহমেদ বাবু, সাতক্ষীরার আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। এছাড়া ভারতের ঝাড়খণ্ডের সন্দীপ পাসোয়ান ও অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

কলকাতা অগ্নিকাণ্ডদেবাশীষ দত্তএডুকেয়ার স্কুলকুষ্টিয়া