কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দিনেই জোড়া বোমা হামলা
কলম্বিয়ার কট্টর ডানপন্থী নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব গ্রহণের প্রথম দিনই শনিবার দেশটির একাধিক স্থানে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালি থেকে শপথ নেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট এই নতুন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে চলমান শান্তি আলোচনা বাতিল করার ঘোষণা দেন তিনি। একই সাথে যেকোনো মূল্যে মাদক ও সন্ত্রাসবাদ দমনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন প্রেসিডেন্টের এমন বার্তার পরপরই শনিবার ভোরে ক্যালির কাছে একটি মহাসড়কের টোল প্লাজায় হামলা চালায় সাবেক ফার্ক গেরিলা দলের সদস্যরা। কলম্বীয় সেনাবাহিনী জানিয়েছে, শক্তিশালী বিস্ফোরক দিয়ে টোল বুথটি উড়িয়ে দেওয়া হলে সেখানে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হন।