কলেজে শিক্ষক সংকট কমাতে ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়

কলেজে শিক্ষক সংকট মোকাবিলায় বিষয়ভিত্তিক খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গঠনের নীতিমালা অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
কলেজগুলোতে শিক্ষক সংকট কমানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়ভিত্তিক এই পুলে অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের যুক্ত করা হবে।
আজ শনিবার গাজীপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এই নীতিমালা অনুমোদন করা হয়। উপাচার্য এ এস এম আমানুল্লাহ সভাটি পরিচালনা করেন।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতক (সম্মান) কোর্সের ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় আরও একবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।