কামরাঙ্গীরচরে অচেতন অবস্থায় তরুণ, হাসপাতালে মৃত্যু

শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থানার কাছে অচেতন অবস্থায় পাওয়া এক অজ্ঞাত তরুণের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার সামনে সাবেক শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক তরুণ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী মো. নাজিম বিষয়টি লক্ষ্য করেন।
স্থানীয়দের সহায়তায় ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃত তরুণের পরনে ছিল কালো ট্রাউজার ও হাফ হাতা গেঞ্জি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার খবর কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।