জাতীয়

কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

১১ আগস্ট ২০২৬
কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি
কামরাঙ্গীরচরে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণে বিশেষ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক পরিবেশ রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে সকলকে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বায়ুদূষণ মোকাবিলা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে ঢাকা জুড়ে পর্যাপ্ত গাছ রোপণ ও পরিচর্যার ওপর জোর দেন তিনি।

এছাড়া কামরাঙ্গীরচর এলাকার সড়ক, মাঠ ও জলাবদ্ধতা নিরসনে উন্নয়নকাজ চলছে জানিয়ে তিনি বলেন, সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। পাশাপাশি বাসা-বাড়িতে ৩ দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কারের বিষয়ে নগরবাসীকে সচেতন থাকার অনুরোধ জানান প্রশাসক। কর্মসূচিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসিকামরাঙ্গীরচরমশক নিধনবৃক্ষরোপণআবদুস সালাম