কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন। তিনি ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলছে।
২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কারাগারে বন্দীদের দাঙ্গা ও ভাঙচুরের পর মোয়াজ্জেম কারাগারের দেওয়াল টপকে পালিয়েছিলেন। ওই ঘটনায় অন্তত ২৫ জন কারারক্ষী আহত হন। পালানোর পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।