জাতীয়

কৃষিজমি অক্ষুণ্ণ রেখে সৌরবিদ্যুৎ প্রসারের তাগিদ পরিবেশমন্ত্রীর

২৯ জুলাই ২০২৬
কৃষিজমি অক্ষুণ্ণ রেখে সৌরবিদ্যুৎ প্রসারের তাগিদ পরিবেশমন্ত্রীর
কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষা করে একই জমিতে সৌরবিদ্যুৎ ও চাষাবাদের সমন্বিত প্রযুক্তি প্রসারের তাগিদ দিয়েছেন পরিবেশমন্ত্রী।

কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা বজায় রেখে দেশে এগ্রিভোল্টাইক বা সমন্বিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, একই জমিতে ফসল উৎপাদন অব্যাহত রেখে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে এটি অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে। তবে এই ধরনের যেকোনো উদ্যোগে কৃষক, খাদ্য নিরাপত্তা ও সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।

বুধবার রাজধানীর ওয়েস্টিন ঢাকায় আয়োজিত ‘ন্যাশনাল এগ্রিভোল্টাইকস ওয়ার্কশপ: এক্সপ্লোরিং লোকাল অ্যাকশন মডেল ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানির ২৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের যে লক্ষ্য রয়েছে, তা পূরণে পরিকল্পিতভাবে কৃষিজমি রক্ষা করেই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রী জানান, সঠিক পরিকল্পনায় এগ্রিভোল্টাইক পদ্ধতির মাধ্যমে ফসল উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এ থেকে উৎপাদিত বিদ্যুৎ সৌর সেচ, হিমাগার ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করে কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করা সম্ভব। তবে এসব প্রকল্পে যেন কৃষকের জীবিকা ও জমির অধিকার ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে কর্মশালাটিতে কার্বন অর্থায়নের সুযোগ কাজে লাগানো এবং জাতীয় নীতিমালার কঠোর অনুসরণের কথা বলা হয়। অনুষ্ঠানটি আইজিইএস ও এইচএসবিসি বাংলাদেশ যৌথভাবে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজন করে।

এগ্রিভোল্টাইকপরিবেশমন্ত্রীসৌরবিদ্যুৎকৃষিজমিনবায়নযোগ্য জ্বালানি