কৃষ্ণসাগরে জার্মান জাহাজে রুশ হামলা, ইউক্রেনে পুমা ও লিকোই মোলির গুদাম ধ্বংস

কৃষ্ণসাগরে জার্মান মালবাহী জাহাজ ‘এমিল’-এ রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ইউক্রেনে জার্মান ক্রীড়া সরঞ্জাম নির্মাতা পুমার একটি লজিস্টিকস কেন্দ্র ক্ষতিগ্রস্ত এবং গাড়ির রাসায়নিক পণ্য নির্মাতা লিকোই মোলির কেন্দ্রীয় গুদাম ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউক্রেনিফর্ম ডয়চে ভেলের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে। ৫ আগস্ট ওডেসা বন্দরের কাছে কৃষ্ণসাগরে জার্মান বাল্ক ক্যারিয়ার ‘এমিল’-এ কয়েকটি রুশ ড্রোন আঘাত হানে। এতে জাহাজটির কারিগরি ব্যবস্থা অচল হয়ে যায় এবং আগুন ধরে। হামলার সময় জাহাজটি ওডেসা বন্দর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে ছিল। পরে নাবিকদের সরিয়ে নেওয়ার সময় আরও একটি ড্রোন জাহাজটিতে আঘাত হানে।
‘এমিল’ লাইবেরিয়ার পতাকাবাহী হলেও এর মালিকানা হামবুর্গভিত্তিক জার্মান প্রতিষ্ঠান জোহান এমকে ব্লুমেন্থালের। ওই দিন ‘মেরা কুইন’ নামের আরেকটি শুকনো পণ্যবাহী জাহাজও হামলার শিকার হয়। এদিকে পুমা জানিয়েছে, ৪ আগস্ট রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় তাদের ইউক্রেনের লজিস্টিকস কেন্দ্র আক্রান্ত হয়েছে। একই দিনে কিয়েভে লিকোই মোলির একটি গুদাম ধ্বংস হয়। কোম্পানিটি গুদামটি পুনর্নির্মাণের পরিকল্পনা নেই জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কৃষ্ণসাগরে দুটি পণ্যবাহী জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে মস্কোর দাবি, জাহাজগুলো ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বহন করছিল। জার্মান কোম্পানিগুলোর বেসামরিক গুদামে হামলার বিষয়টি রাশিয়া সামরিক পণ্যের লজিস্টিকস ও বিতরণকেন্দ্রে হামলা হিসেবে বর্ণনা করেছে।