কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির আহ্বান দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আলোচনার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার তিনি বলেন, সংঘাত রোধে সিউল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি কোরীয় উপদ্বীপে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি স্থায়ী ‘শান্তিব্যবস্থা’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জাপানি ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতালাভের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট লি শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দুই কোরিয়ার মধ্যে সংলাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের প্রায়োগিক অবসান ঘটলেও, আনুষ্ঠানিকভাবে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।