আন্তর্জাতিক

ক্যানসারের মামলা মেটাতে ৫৫০ কোটি ডলার দেবে জনসন অ্যান্ড জনসন

২৮ জুলাই ২০২৬
ক্যানসারের মামলা মেটাতে ৫৫০ কোটি ডলার দেবে জনসন অ্যান্ড জনসন
বেবি পাউডারে ক্যানসার সৃষ্টির অভিযোগ সংক্রান্ত হাজার হাজার মামলা নিষ্পত্তিতে সাড়ে ৫০০ কোটি ডলার পরিশোধের প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন।

ট্যালকম পাউডারভিত্তিক বেবি পাউডার ব্যবহার করে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের হওয়া হাজার হাজার মামলা মেটাতে ৫৫০ কোটি ডলার পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই স্থায়ীভাবে মিটিয়ে ফেলতে মার্কিন এই স্বাস্থ্যসেবা জায়ান্ট এ বিশাল অঙ্কের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির জানানো তথ্যানুযায়ী, প্রস্তাবিত এই সমঝোতা বাস্তবায়িত হলে প্রায় ৭৬ হাজার মামলার অবসান ঘটবে। পরিকল্পনানুযায়ী আগামী বছর ৩০০ কোটি ডলার দেওয়া হবে এবং অবশিষ্ট অর্থ ২০২৮ সালের আগে দিতে হবে না। তবে চূড়ান্ত নিষ্পত্তির জন্য অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতের ৯৫ শতাংশ ক্যানসার আক্রান্ত দাবিদারদের প্রতিনিধিত্বকারী আইনি ফার্মগুলোর সম্মতি প্রয়োজন।

জেঅ্যান্ডজে শুরু থেকেই তাদের পণ্যের কারণে ক্যানসার হওয়ার দাবি অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির মামলা বিষয়ক সহ-সভাপতি এরিক হাস জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং ট্যালক সম্পূর্ণ নিরাপদ। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে শুরু হওয়া এসব আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় ২০২২ সালে বিশ্বজুড়ে ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি ও উৎপাদন বন্ধ করে ভুট্টার স্টার্চভিত্তিক পাউডারে স্থানান্তরিত হয় জেঅ্যান্ডজে।

জনসন অ্যান্ড জনসনবেবি পাউডারক্যানসার মামলাআন্তর্জাতিক