খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক, ১০টি বনাঞ্চলে অবমুক্ত

খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ২৪টি গুইসাপ উদ্ধারসহ প্রেমরাছো মারমা (৪৭) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব বন্যপ্রাণী উদ্ধার ও তাঁকে আটক করে। আটক প্রেমরাছো মারমা পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।
অভিযান সূত্রে জানা যায়, চেঙ্গী স্কয়ার এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তায় থাকা গুইসাপগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে ওই নারী জানান, খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে তিনি চট্টগ্রামের বারইয়ারহাট এলাকা থেকে ২২ হাজার টাকায় এসব গুইসাপ কিনে এনেছিলেন।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, জব্দ করা পাঁচটি বস্তায় মোট ২৪টি গুইসাপ ছিল। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে জীবিত ১০টি গুইসাপ আলুটিলার প্রাকৃতিক বনে ছেড়ে দেওয়া হয় এবং মৃত ১৪টি গুইসাপ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
বন্যপ্রাণী ধরা, পরিবহন ও কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য হুমকি উল্লেখ করে বন বিভাগ জানায়, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার আদেশ দেওয়া হয়েছে।