অপরাধ

খালেদা জিয়া মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়া মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যাওয়া থেকে বাধা দেওয়া ও পিপার স্প্রে ব্যবহারের অভিযোগে মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসার সামনে সমাবেশে যোগদানে বাধা দেওয়া এবং পিপার স্প্রে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত আজ বুধবার বিকেলে এই আদেশ দেন। একই সঙ্গে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে বসুন্ধরা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ তাঁকে হাজতখানায় আনা হলেও আদালতে হাজির করা হয়নি। ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গুলশান থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন ২০২৪ সালের ৪ অক্টোবর ১১১ জনকে এজাহারভুক্ত করে মামলাটি করেন। জগলুল পাশা এই মামলার ১৭ নম্বর আসামি। এ মামলায় মোট চারজন গ্রেপ্তার রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ জন এজাহারভুক্ত ও ২৫০–৩০০ অজ্ঞাতনামা আসামি মারাত্মক অস্ত্রশস্ত্রসহ খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান করেন। তারা বিএনপি নেতা-কর্মীদের মারধর করেন এবং রাস্তায় বালুভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেড সাজিয়ে চলাচলে বাধা দেন। খালেদা জিয়া সমাবেশে যাওয়ার চেষ্টা করলে আসামিরা পিপার স্প্রে ব্যবহার করেন, যার ফলে খালেদা জিয়াসহ তাঁর সঙ্গীরা আহত হন।

জগলুল পাশাখালেদা জিয়ারিমান্ডগুলশান মামলাডিবি