খুলনায় ট্রাকচাপায় স্ত্রী-শ্যালিকা-মেয়ে নিহত, বাঁচলেন স্বামী

খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তারা হলেন মোটরসাইকেলচালক শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যা। দুর্ঘটনায় শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন এবং তিনি সুস্থ আছেন।
পুলিশ জানায়, শেখ শিহাব খুলনা থেকে কালিয়ার উদ্দেশে মোটরসাইকেলে যাত্রা শুরু করেন। দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারী নিহত হন।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।